জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ৯ মে থেকে শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ঠিক করা হয়েছে।

তবে চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। ‘

সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে থাকবে বিজনেস স্টাডিজ অনুষদ।