দ্বিতীয় বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বাংলা চ্যানেল জয়ী মো. সালাহ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে তিনি কক্সবাজার জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত পানিপথে ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে পার হন।

বাংলা চ্যানেলের এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সটিম বাংলা নামের দুটি সংগঠন। এ প্রতিযোগিতায় অংশ নেন মোট ৩৫জন প্রতিযোগী। এতে ৪র্থ স্থান অর্জন করেন সালাহ উদ্দিন।

এছাড়া বাংলা চ্যানেল পাড়ির এ প্রতিযোগিতায় এবারও অংশ নিয়েছেন চবির আরও দুই শিক্ষার্থী। তারা হলেন পরিসংখ্যান বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজাদ ও পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল চৌধুরী।

সালাহ উদ্দিন জানান, দ্বিতীয় বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলাম। গতবছর চবি থেকে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দেয়ার গৌরব অর্জন করেছিলাম।

আল্লাহর রহমত ও বাবা-মার দোয়ায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সুস্থভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি গর্বিত।