রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২১ সেশনের ইমরান নামে এক শিক্ষার্থীর হলে সিটের ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার (২৩ অক্টোবর ) রাতে হল প্রশাসনের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী হলের ৪৮০ নং কক্ষে একটি সিটের ব্যবস্থা করে দেওয়া হয়।

ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। তিনি চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস শুরু হবে।

পরিবার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় রাবিতে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তায়। এজন্য এলাকায় রাজমিস্ত্রির কাজ শুরু করে ইমরান। এই নিয়ে। গণমাধ্যমে সংক্রান্ত নিউজ প্রকাশিত হলে বিষয়টি রাসিক মেয়রের নজরে আসে। তিনি ইমরানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন। এরই ধারাবাহিকতায় ইমরানকে হলে সিটের ব্যবস্থা করে দেন।

মেয়রের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে ইমরান বলেন, অনেক দুশ্চিন্তা ছিল। এখন থেকে কিছুটা মুক্তি পেলাম। রাসিক মেয়রের আশ্বাসে আমি ও আমার পরিবার অনেক খুশি।