একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে সকাল থেকেই ঢাবির টিএসসি ও আশপাশের এলাকা নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় উৎসবের আমেজে মুখর হতে থাকে।

টিএসসি, অপরাজেয় বাংলা, বটতলা, হাকিম চত্বর, ভিসি চত্বর, ফুলার রোড, সোহরাওয়ার্দী উদ্যান সবই যেন পরিণত হয়েছে প্রেমিক যুগলদের মিলনমেলায়।

এদিকে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা সবার মরমে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সকাল থেকে শুরু হয় ‘বসন্ত বরণ’ আয়োজন।

সকাল ৭টা থেকে সমবেত বাদ্যযন্ত্র ও রাগাশ্রয়ী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। জাতীয় বসন্ত উৎসব উৎযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠান চলে সকাল ৯টা পর্যন্ত। বিকেলে চারুকলায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

এদিকে সব বয়সীদের মনে ভালোবাসার রঙ ফুটে উঠেছে। প্রিয় মানুষটিকে আজ ভালোবাসার কথা জানাবেন কিংবা আবারও বলবেন ‘ভালোবাসি’— তারই যেন প্রতিযোগিতা চলছে।