২০২০-২০২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম এবং সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বঘোষিত আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি/বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা কোভিচ-১৯ মহামারির বর্তমান বাস্তবতায় ১১ জুনে বিডিএস ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। পরবর্তিতে ভর্তি পরীক্ষার দিনক্ষণ মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
 
জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের সবগুলো সরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।