এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২.৬৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১,৮৩,৩৪০ জন। এর মধ্যে ১,০৩,৫৭৮ জন ছাত্রী ও ৭৯,৭৬২ জন ছাত্র।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮।

গত বছর থেকে এবার সার্বিক পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।

নয়টা সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১০.৩৩ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ। আর কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১৫.৬৯ শতাংশ।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা হয় নভেম্বরে। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই প্রকাশ করা হলো ফল।

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

পরীক্ষার ফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মোবাইল ফোনে যেভাবে ফল জানা যাবে

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে যেভাবে জানা যাবে

নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম ও বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।