
হল-ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে তিন দফা দাবি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হচ্ছে:
১. হঠাৎ ঘোষণা দিয়ে ১০/১২ দিনের মধ্যে পরীক্ষা নয়। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে পরীক্ষা নিতে হবে।
২. শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্লাস-পরীক্ষা ফলাফল প্রকাশের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে।
এর আগে বৃহস্পতিবার হল-ক্যাম্পাস খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এদিকে অবরোধ কর্মসূচি থেকে আগামী ছয় জুন ফের কর্মসূচি ঘোষণা করেছে তারা। ওই দিন নীলক্ষেতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ নিয়ে ঢাবিতে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি, যার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।