কবিতাঃ অন্তঃপুরে শোকের দহন
রাকিবুল ইসলাম জুয়েল

বাস্তবতা যেখানে নাটকীয়তা,
চলছে ক্ষমতাসীনের বর্বরতা,
শরীরের রোমকূপে নির্মমতা,
চলছে শো ডাউনের মমতা।

পেটে ভীষণ ক্ষুধার জ্বালা,
দেশে ঝুলছে অদৃশ্য তালা,
বড় হয়েছে মায়ের চেয়ে খালা,
খালার গলায় ফুলের মালা।

দেখিয়ে মিথ্যা মমতার হাত,
এলোমেলো সরকারি খাত,
হচ্ছে চারিদিকে রক্তপাত,
নিশ্চুপ মূর্খ বাঙালি জাত।

আইনের চোখে কালো কাপড়,
দুর্বলের উপর সবলের ফাপর,
শরীরের ঘাম হচ্ছে পাথর,
ভিনদেশি করোনা করছে শফর।

আমরা সবকিছুই বুঝি,
ছোটবেলা খেয়েছি সুজি,
কানে তুলা নিয়েছি গুজি,
চোখ বন্ধ করে সত্য খুঁজি।

বিবেক কে করে দেখ প্রশ্ন,
দেখবে সত্য পথের স্বপ্ন,
জনগণ আজ বাজার পণ্য,
মানুষ হিসেবে হয়না গণ্য।

মাথায় পড়ে জ্ঞানের মুকুট,
দেখিয়ে চলেছে তারা কালকূট,
গরীবের পেটে চাল নেই একমুঠ,
দানের নামে চলছে ফটো সুট।

ভাব এমন, দিচ্ছে পকেট থেকে,
খাচ্ছে যার, তাকেই ফেলছে পাকে,
মেরে ফেলছে আপন জননীকে,
ধর্ষিতার স্বজন মরছে শোকে।

চলছে দুর্বলের রক্তশোষণ,
ভাত জোটেনা, শরীরে নেই ভূষণ,
মনের ভেতরে করে স্বপ্নের পোষণ,
অন্তঃপুরে রাবণের চিতার দহন।