কবিতাঃ একটা চিঠি দিও
রাকিবুল ইসলাম জুয়েল

একটা চিঠি দিও ভালোবেসে এ ঠিকানায়,
গোটা গোটা অক্ষরে লিখো রঙিন পাতায়।
আমি পড়ব, বার বার পড়ব তোমার লেখা,
এ জন্মে নাই বা হলো তোমার সাথে দেখা।

শুনতে ইচ্ছে হয় পিয়নের সাইকেলের বেল,
এসে হাক ছাড়বে এই! চিঠি আছে চিঠি।
আমি দৌড়ে ছুটে যাব পত্রের অনুসন্ধানে,
আবেগী মন নিয়ে ভাঙব চিঠির পরিপাটি।

না হয় হলুদ খামে একটা সাদা কাগজ দিও,
আমি বুঝে নিব তোমার ভাষা, তবু চিঠি দিও।
সাদা কাগজে খুঁজে নিব তোমার শরীরের ঘ্রাণ,
চিঠির প্রতিটা ভাজে তোমার নিশ্বাসের শান।

একটা চিঠি দিও, সঙ্গে দিও কিছু বকুল ফুল,
আমি যত্ন করে সাজিয়ে রাখব ডায়রির ভাজে।
মাঝ রাতে একলা যখন তাকিয়ে রব দূর গগনে,
তুমি কল্পনায় এসে অবয়ব লাল করবে লাজে।

আমি লুকিয়ে লুকিয়ে পড়ব তোমার দেয়া চিঠি,
অফিসের কলিগদের চোখের আড়াল হয়ে।
তোমার একটি চিঠির অপেক্ষায় কাটছে দিনরাত,
প্লিজ একটা চিঠি দিও, আমি রাখব শিয়রে।