শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষা দিয়ে এটি সম্ভব নয়। তাই বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

শনিবার (৪ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে মেরিন রিসার্চ হ্যাচারি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা।

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

এই হ্যাচারিতে মালয়েশিয়ার কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা দেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এখানে যৌথভাবে কাজ করবেন বলে জানান দীপু মনি।