আহসান উল্যাহ সালমান,স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আইন ও সালিশ  কেন্দ্র (ASK) এবং ইউএন উইমেনের সহযোগিতায় আজ Daffodil International University-এ “যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ” শীর্ষক একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই সভায় শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, তাহমিনা রাহমান 

সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান ও সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাউন্সেলিং, অভিযোগ গ্রহণ ব্যবস্থা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা সহিংসতামুক্ত ও সমতাভিত্তিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।