রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম পাঁচদিনের ভারত সফরের শেষদিন ১৯ ডিসেম্বর কলকাতায় ইস্টার্ন ইনিস্টিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত একদিনের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন।

‘রিসেন্ট গ্লোবাল ট্রেন্ড অফ ম্যানেজমেন্ট’ শীর্ষক এই কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিমাইচন্দ্র সাহা, আয়োজক সংস্থার চেয়ারম্যান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রাক্তন অধ্যাপক ড. আর পি ব্যানার্জী।

কনফারেন্সে অংশ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম বলেন, বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির দরুণ এবং ব্যবসার সাম্প্রতিক প্রবণতা লক্ষ্য করলে দেখা যায় নিত্য নতুন প্রযুক্তির কল্যাণে হিউম্যান পার্টিশিপেসন ও এক্টিভিটি কমে যাচ্ছে।

যার ফলে ধারণা করা যায়, কিছু মানুষ কাজ হারিয়ে ফেলবে কিন্তু দরকার হবে বিশেষ যোগ্যতা-দক্ষতা সম্পন্ন মানুষের। একারণে কেবল একক প্রতিষ্ঠানভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির যে ধারণা, সে ধারণায় পরিবর্তন আনতে হবে। কাজেই আন্তঃ প্রতিষ্ঠান আদান-প্রদানের বিকল্প নেই।

সেজন্য আমাদের প্রস্তুত হতে হবে। ভারত প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশও এ ব্যাপারে পিছিয়ে নেই। দুই দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি সমন্বয় সাধন করা যায় তবে আমরা দ্রুত পরিবর্তনমান বিশ্বের ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবো।

বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের সঙ্গে রিসোর্স পার্সন এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের ব্যাপারে কলকাতার ইস্টার্ন ইনিস্টিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট আগ্রহ প্রকাশ করে।





ই আই আই এল এমের একটি এশিয়ান নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কে যুক্ত হবার জন্য তারা অধ্যাপক ড. শাহ্ আজমকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে তারা আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে একটি আন্তর্জাতিক একাডেমিক সেমিনার আয়োজনের।

তাদের উদ্যোগে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এশিয়া ভিত্তিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মিলনের মাধ্যমে একটি একাডেমিক সেমিনার আয়োজনের ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম সম্মতি জ্ঞাপন করেন।

শিক্ষক-গবেষক শিক্ষার্থী বিনিময়ের ব্যাপারেও রবি উপাচার্য একমত পোষণ করেন। অচিরেই এই দুই প্রতিষ্ঠান তাদের আন্তঃ বিনিময় কার্যক্রম শুরু করবে বলে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম আশা প্রকাশ করেন।

কনফারেন্স শেষে ১৯ ডিসেম্বর রাতেই তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেন।