প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘পিয়া রে’ ছবির প্রথম দফার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।

এবার শেষ লটের দৃশ্যধারণে আজকেই (১৮ নভেম্বর) চাঁদপুরে যাবেন এই শিল্পী। বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা দেবেন কৌশানী।

এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবেন তিনি। কৌশানী আগামীকাল (১৯ নভেম্বর) থেকে শুটিং করবেন। আশা করছি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে এর ক্যামেরা ক্লোজ করতে পারবো।’

সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্যধারণ হবে। পূজন মজুমদার পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান।