শাকিব-বুবলি সম্পর্ক, সন্তানের পরিচয় নিয়ে তোলপাড় বিনোদন পাড়া। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান এবং শবনম বুবলী পৃথক বিবৃতিতে সন্তানের পরিচয় প্রকাশ করেন। তাদের দু’জনের সন্তানের নাম শেহজাদ খান বীর।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাকিব খানের গুলশানের বাসায় দেখা যায়, ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন তিনি। অন্য ছবিগুলোতে অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।
ঘরোয়া এই আয়োজনের ছবিতে জয়ের সঙ্গে শাকিবের মা, বাবা ও বোনকেও দেখা গেছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেদিন মধ্যরাতে প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
শাকিব খানের বাসায় জয়ের জন্মদিনে তোলা সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিব খান-অপু বিশ্বাস তবে কী আবার এক হয়ে হচ্ছেন? তবে কী তাদের সম্পর্ক জোড়া লাগছে?
গত ২৮ সেপ্টেম্বর অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের সঙ্গে কি কথা হয়েছে গতরাতে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কথা হবে না কেন? শাকিব অনেক ভালো মনের মানুষ।’ পরপর এই ২টি ঘটনা গভীরভাবে ছাপ ফেলে শবনম বুবলির মনে। তার পরিবার থেকেও চাপ বাড়তে থাকে।
সন্তানের স্বীকৃতির জন্য মরিয়া হয়ে ওঠেন শবনম বুবলি। বুবলির পরিবারের এক সদস্য গত ২৯ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমের কাছে শাকিব-বুবলির সন্তানের নাম প্রকাশ করে দেন, তবে নিজের নাম প্রকাশ না করার শর্তে। এরপর বুবলির সন্তানের নাম গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুবলির সন্তানের নাম শেহজাদ খান বীর।

৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বুবলি স্ট্যাটাস দেয়ার আগেই গণমাধ্যমে প্রকাশিত হয়, বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল কলেজ হাসপাতালে।
২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। তথ্যটি কেউ বিশ্বাস করে, আবার কেউ অবিশ্বাস করে। শাকিব খানের ওপরও চাপ বাড়তে থাকে। কী করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না।
আবার কি অপু বিশ্বাসের মতো সন্তানসহ টেলিভিশন লাইভে চলে আসবেন বুবলি? কিছুটা স্বাভাবিকভাবে বুবলির সন্তানের বিষয়টা সবার সামনে কীভাবে স্বীকার করা যায় সেটা নিয়ে কয়েক দফা মিটিং হয় শাকিব খানের গুলশানের বাসায়। মিটিংয়ে শাকিব খানের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।
২ পক্ষের আলোচনা, সমঝোতার পর ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শবনম বুবলি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।