বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি দিচ্ছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে। ‘রাধে’ ছবির সমালোচনা করার পর সালমান খান কেআরকে-এর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। এরপর থেকে সালমান প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও ইনিয়ে-বিনিয়ে সালমানের সমালোচনা করেই চলেছেন তিনি।

এবার তিনি সালমানের সর্বশেষ কয়েকটি ছবির ব্যর্থ হওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন। সালমানের ‘রাধে’ থিয়েটারে ফ্লপ হয়েছে, ‘অন্তিম’ আয় করেছে মাত্র ৩৭.৫৫ কোটি রুপি। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি ‘দাবাং থ্রি’, ‘ভারত’ এবং ‘রেস থ্রি’ও।

এই প্রসঙ্গে টুইটারে কেআরকে লিখেছেন, ‘তারকার শেষ ৫ ছবিই ফ্লপ। তার সর্বশেষ দুই ছবি ২৫ কোটিরও কম আয় করেছে! মানে তিনি বরুণ বা অর্জুনের ক্যাটাগরির এখন। আমি প্রতিজ্ঞা করছি তার তারকাখ্যাতি ধ্বংস করে দেব আগামী দুই বছরে। তিনি শূন্য না হওয়া পর্যন্ত থামবো না আমি।’