ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ক্যাটের বিয়েতে ভাইজানের পক্ষ থেকে স্পেশাল গিফট পৌঁছে গেলেও সবার সামনে এতদিন তথাকথিত প্রাক্তনকে নিয়ে কোনো কথাই বলেননি বলিউডের এই মেগাস্টার। শেষ পর্যন্ত ক্যাটের বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান।

‘বিগ বস ১৫’তে গ্র্যান্ড ফাইনাল এপিসোডের মঞ্চ থেকে ক্যাটকে খোলা শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। তবে সালমান তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেননি ভিকির নাম। এদিন বিগ বসের মঞ্চে রাখি সায়ান্তের পারফর্মেন্স চলছিল।

আচমকা রাখি গতবছরের বিজয়ী রুবিনা দিলায়েককে নাচের চ্যালেঞ্জ করেন। ক্যাটরিনার গান চিকনি চামেলিতে জমিয়ে নাচেন দুই অভিনেত্রী। তাদের নাচ দেখে মঞ্চে এসে যোগ দেন সালমান নিজেই। নাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ সালমান বলে উঠেন, ‘ক্যাটরিনা শাদি মুবারক হো।’ যার বাংলা দাঁড়ায় ‘ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা’।