নানা ঢঙ, নানা রঙের পোশাকে দেখা গেলেও বলিউড ভাইজান সালমান খানের একটি বিষয় সবসময়ই এক।

তা হচ্ছে ফিরোজা রঙের মূল্যবান পাথর বসানো তার হাতের ব্রেসলেট। ব্রেসলেটটি সার্বক্ষণিক সালমানের হাতেই থাকে। এটি তিনি খুলে রাখেন কিনা সেটাও নিশ্চিত নন কেউ।

সবসময়ই সালমানের হাতে শোভা পাওয়া ব্রেসলেটটি নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীদের মধ্যে রহস্যের দানা বেঁধেই আছে। অনেকের প্রশ্ন, কেন এই একটি ব্রেসলেট পরে থাকেন সাল্লু ভাই? কী রহস্য লুকিয়ে আছে এতে? ব্রেসলেটটি কেন এতো পছন্দ বলি সুপারস্টারের? চাইলে তো এর চেয়ে দামি ও নানা রঙের পাথরের ব্রেসলেট হাতে পরে ঘুরতে পারেন বলি সুলতান! গত জন্মদিনেই তিনি হীরের ব্রেসলেট উপহার পেয়েছেন।

এবার এতো সব প্রশ্নের জবাবটা জানা গেল। উন্মোচন হলো সাল্লু ভাইয়ের ব্রেসলেট রহস্য।

ভারতীয় গণমাধ্যমের খবর, সালমানের ব্রেসলেট রহস্য ভেদ করার জন্য ফিরে যেতে হবে তার শৈশবে। তিনি যখন ছোট ছিলেন, তখন তার বাবা সেলিম খানেরও হুবহু একই রকম একটি ব্রেসলেট পরতেন। বাবার হাতের সেই ব্রেসলেট সালমানের ভীষণ পছন্দের ছিল ছোটবেলা থেকেই। মাঝেমধ্যেই ওটা নিয়ে খেলতেন তিনি।

বিষয়টি ভালোই জানা বাবা সেলিম খানের। বলিউডে পা রাখার সময় ছেলেকে ওই ব্রেসলেটের মতো হুবহু একটি বানিয়ে দেন সেলিম খান। সেই থেকে আজ অবধি সার্বক্ষণিক ব্রেসলেটটি নিজের কাছে রেখেছেন সালমান খান।

সালমান খানের বিশ্বাস, ফিরোজা রঙের মূল্যবান পাথরের এই ব্রেসলেটের রয়েছে ঐশ্বরিক গুণ। এটি তাকে অনেক বিপদ-আপদ থেকে রক্ষা করেছে।

সালমান বলেন, যখনই আমার কাছাকাছি কোনো নেগেটিভ এনার্জি আসে, এই পাথর সেই নেগেটিভিটি নিঃশেষ করে দেয়। এটি আমার খুবই প্রিয়, বিপদের বন্ধু।

বলি পর্দায় নায়ক চরিত্রে ৩৩ বছরের মতো কাটিয়ে দিয়েছেন সালমান খান। ৫৬টি বসন্ত শেষে এখনো তার ছবি মানেই বক্স অফিস সুপার হিট। বলিউডে তার জনপ্রিয়তার আকাশছোঁয়া। বলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকাও তিনি।

একের পর এক হিট সিনেমা দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। বলিউডের তিন খানের মধ্যে অন্যতম তিনি।