এস এস রাজামৌলি মানেই বিগ বাজেট আর বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা। ভারতের দক্ষিণী সিনেমার এই নির্মাতা দুই পর্বের ‘বাহুবলী’ বানিয়ে বিশ্বজয় করেছেন। ঝড় তুলেছিলেন বক্স অফিসে।

তৈরি করেন নতুন মাইলফলক। সফল এই নির্মাতার নতুন সিনেমা ‘আরআরআর’। যেখানে একসঙ্গে অভিনয় করছেন সাউথ সুপারস্টার রাম চরণ, জুনিয়র এনটিআর, বলিউডের অজয় দেবগন, আলিয়া ভাটের মতো তারকারা।

জানা যায়, সিনেমাটির বাজেট ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি রুপির মধ্যে। বিশাল বাজেটের এই সিনেমার ট্রেলার অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একাধিক ভাষায় ট্রেলার প্রকাশ করা হয়।

৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারটি দেখেই বিস্মিত দর্শকরা। সিনেমাকেন্দ্রিক বিভিন্ন পেজ, গ্রুপে শুরু হয়েছে তুমুল আলোচনা। ধারণা করা হচ্ছে, ভারতীয় সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ‘আরআরআর’।