মেক্সিকোতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাজারের একাংশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এপির।

মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কেটটিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লাগে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ জানায়, একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবশ্য শুক্রবার বাজারের অন্যান্য অংশের দোকানপাটের বেচাকেনা যথারীতি চলে।

রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকায় অবস্থিত বাজারটি প্রায় আটশো একর এলাকাজুড়ে বিস্তৃত। বাজারের একাংশ পুড়ে যাওয়ার কারণে হাহাকার ব্যবসায়ীদের মধ্যে।

দিল্লির টিকরি কালানের পিভিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

তবে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি এখনও। খবর হিন্দুস্তান টাইমসের। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। এ নিয়ে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ।

তাদের দাবি, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্পূর্ণভাবে আগুন নেভাতে কাজ চলছে। এদিকে, আগুন ছড়িয়ে পড়ার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

সেখানে কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।