বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্রিটেনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

শুক্রবার (৫ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সঙ্গে নেটওয়ার্কিং বিজনেস মিটিংয়ে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

বৈঠকে তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগে সক্রিয় অংশ নিচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হওয়ার পরও যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাক, টেক্সটাইল, হিমায়িত মাছসহ অল্প কিছু পণ্যের মধ্যে আটকে আছে।

এশিয়া অঞ্চলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগ গন্তব্য বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। বলেন, তাই অর্থনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।