ব্রাজিলে ব্যাংক ডাকাতি রোধে পুলিশের অভিযানে ২৫ জন ডাকাত সদস্য মারা গেছে। ব্রাজিলের মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে রবিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করা হবে বলে খবর আসে তাদের কাছে। এরই ভিত্তিতে স্থানীয় সময় রবিবার খামার দুটিতে অভিযান চালায় পুলিশ।

প্রথম খামারে সন্দেভাজন ১৮ জনকে গুলি করা হয়েছে আর দ্বিতীয় খামারে সাত জন। রাইফেল, গ্রেনেডসহ অনেক অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চুরি করে আনা যানবাহন।

পুলিশ বলছে, ব্যাংক ও এটিএম বুথে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা ছিলো ডাকাতদের। এজন্য বিভিন্ন জায়গা থেকে যানবাহন চুরি করেছিলো।