তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীরা যাচ্ছেন না। এ ছাড়া থানাগুলো থেকে পালিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বিবৃতি দিয়েছে তালেবান।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের উচিত, পূর্ণ বিশ্বাস নিয়ে নিয়মিত জীবনে ফিরে আসা।’

এর আগে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবানের সশস্ত্র সদস্যরা কাবুলে ঢোকার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এ ছাড়া তালেবান পুরো শহরের নিয়ন্ত্রণ নিলে সেখানকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে। আবার অনেকে দেশ ছাড়তে সীমান্তে ও বিমানবন্দরে অবস্থান নেয়।

এদিকে, তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে নারীরা ঘরের বাইরে যেতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। নারী সংবাদ উপস্থাপিকাদের ক্ষেত্রে ভয়টা ছিল আরও বেশি।  কিন্তু দেশটির গণমাধ্যম টোলো নিউজ সে শঙ্কা উড়িয়ে দিয়ে নারীদের সংবাদ উপস্থাপনে আবারও ফিরিয়ে এনেছে। সেই সাথে মাঠ পর্যায়েও কাজ শুরু করেছেন নারী সংবাদকর্মীরা।