স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের সাগরে ভেসে আসা এক নৌকায় আফ্রিকান ৮ অভিবাসীর মরদেহ খুঁজে পেয়েছে দেশটির উপকূলরক্ষীবাহিনী।

রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের সরকার ভেসে আসা নৌকায় ওই অভিবাসীদের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে। উপকূলরক্ষীরা বলেছেন, ওই নৌকায় ৬২ জন অভিবাসী ছিলেন। অভিবাসীদের সবাই পুরুষ।

তাদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। নৌকায় তিনজন অভিবাসীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে গ্রান ক্যানারিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

এছাড়া অন্য অন্তত ৯ জনকে দ্বীপে নিয়ে যাওয়ার পর স্প্যানিশ কোস্টগার্ড প্রাথমিক চিকিত্সা দিয়েছে। রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ বলেছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি গ্রান ক্যানারিয়ার ৪০ মাইল দক্ষিণে আটলান্টিকে গত প্রায় এক সপ্তাহ ধরে ভাসছিল।