টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বলেছেন যে, তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে ৬ বিলিয়ন ডলার দেওয়ার জন্য নিজের শেয়ার বিক্রি করবেন যদি সংগঠনের পরিচালক ডেভিড বেসলি প্রমাণ করতে পারেন যে, এই তহবিল বিশ্ব ক্ষুধা দূর করবে।

সম্প্রতি টুইটারে তিনি লেখেন, যদি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের টুইটার থ্রেডে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে ৬ বিলিয়ন ডলারে বিশ্ব ক্ষুধা দূর হবে, আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করব।

মাস্কের টুইটটি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডেভিড বেসলির করা একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে। বেসলি বিশ্বের শীর্ষ ধনীদের সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন।

তার প্রেক্ষিতে মাস্ক এই টুইট করেন। এর আগে মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড বেসলি বলেন, ৬ বিলিয়ন ডলার ৪২ মিলিয়ন মানুষকে সাহায্য করতে পারে। এই অর্থ তাদের সাহায্য করতে পারে যারা সত্যিই মারা যেতে চলেছে। যদি আমরা তাদের কাছে না পৌঁছাই তাহলে তারা মারা যাবে।