তৃতীয় বিশ্বের দেশগুলোতে বায়ুদূষণ একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরেই ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ নিয়ে আলোচনা চলছে।

এবার গবেষকরা সেখানকার বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে শোনালেন ভয়াবহ তথ্য। জানালেন দিল্লিতে ঘরের ভেতরে বায়ুদূষণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এমনকি দিল্লির ঘরের ভেতরের দূষণের পরিমান বাইরের চেয়ে অনেক গুণ বেশি।

বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের জন্য ক্ষতিকারণ বাতাসের ক্ষুদ্র কণা পিএম২.৫ ঘরের ভেতরে বাইরের তুলনায় ‘উল্লেখযোগ্য পরিমাণে বেশি’।

এসবের পরও দিল্লির বেশিরভাগ বাড়ির বাসিন্দারাই এ ব্যাপারে কোনো সুরক্ষাসংক্রান্ত পদক্ষেপ নিতে নারাজ বলে জানা গেছে। দিল্লি কয়েকবছর ধরে নিয়মিতভাবেই ‘বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়’ প্রথমদিকে রয়েছে।