করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গেছে। এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেতে চাইলে ইসরায়েলিদের বিশেষ অনুমতি নিতে হবে।

ফলে যে ৫০টিরও বেশি দেশে ভ্রমণের বিরুদ্ধে ইসরায়েলি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রও তার অন্তর্ভুক্ত হলো। রোববার এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গত মাসে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর দ্রুত ভ্রমণ সীমিত করার মাধ্যমে ইসরায়েল কিছুটা সময় পেয়েছে, কিন্তু তা কমে আসছে।

কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন রোগী বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। বেনেটের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, মরক্কো, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড ও তুরস্ককে তাদের ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত ১৩৪ রোগী শনাক্ত হয়েছে এবং আরও ৩০৭ জন করোনাভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।