নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) ৮০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেওয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে। সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হলো। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।