থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ নং বুয়া লম্ফুতে একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে ৩৮ জন নিহত হলেও এই হামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশু এমি। এমি কিভাবে বেঁচে গেল সেই প্রশ্নের উত্তর কারো জানা নেই।

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চরের শহর উথাই সাওয়ানের একটি ডে কেয়ারে গত বৃহস্পতিবারের ওই হামলা শিশুদের উপর নৃশংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। মাদককাণ্ডে কয়েক মাস আগেই বরখাস্ত পানিয়া কামরাপ নামে একজন উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তা কী কারণে ছোট্ট ছোট্ট ওই শিশুগুলোকে হত্যা করছে সে প্রশ্নের উত্তর হয়তো কোনোদিই জানা যাবে না।

একটি ছুরি, একটি পিস্তল ও একটি শটগান হাতে স্থানীয় সময় দুপুরের দিকে ডে কেয়ারটিতে হামলা চালান পানিয়া। একে একে হত্যা করেন ৩৭ জনকে। যাদের মধ্যে ২৪টি শিশু। শিশুদের বেশিরভাগকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এমি যে ক্লাসটিতে ছিল সেখানে তাকে নিয়ে মোট ১১টি শিশু ছিল। যাদের সবার বয়সই তিন বছরের মত। আঁকিবুকি ও লেখালেখিতে ব্যস্ত সময় পার করার পর সবে তারা দুপুরের ঘুম দিচ্ছিল। হামলাকারী ছুরি হাতে ঘুমন্ত ওই শিশুগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে।

পরে পুলিশ এমিকে তার বন্ধুদের রক্তাক্ত লাশের পাশে জেগে বসে থাকা অবস্থায় দেখতে পায়। তার দাদি বিবিসিকে বলেন, ‘ঘুম থেকে জেগে উঠে সে বুঝতেও পারেনি কী ঘটে গেছে। সে ভেবেছিল তার বন্ধুরা তখনও ঘুমিয়ে আছে।

একজন পুলিশ কর্মকর্তা একটি কাপড় দিয়ে তার মুখ ঢেকে তাকে রক্তের নদী থেকে বের করে আনে। কিন্তু সে প্রতিদিনই স্কুলে যেতে চাইছে। আমরা তাকে বোঝাতে চেষ্টা করছি। কিন্তু মৃত্যু কি তা বোঝার বয়স এখনো তার হয়নি।’