অক্সফোর্ড-ইয়েল-স্ট্যানফোর্ডসহ বিশ্বের শীর্ষ সব বিশ্ববিদ্যালয় যেন ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারে— সেজন্য পদক্ষেপ নিচ্ছে ভারত। দেশটির উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ সংস্থা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (ইউজিসি) ইতোমধ্যে এ সম্পর্কিত একটি খসড়া পরিকল্পনাও প্রস্তুত করেছে।

ইউজিসির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদেশি যেসব বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেয়া হবে— সেসব ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ, ভারতীয় ও বিদেশি শিক্ষার্থীদের ভর্তি, টিউশন ফি নির্ধারণ, বৃত্তি প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের পূর্ণ এখতিয়ার থাকবে স্থানীয় ক্যাম্পাস কর্তৃপক্ষের।’

ইউজিসির এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ভারতে ক্যাম্পাস খুলতে পারে না। সেই বাধা দূর করতে চাইছে ইউজিসি। আমাদের খসড়ায় বলা হয়েছে—বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারবে, অধ্য়াপক নিয়োগ করতে পারবে, ছাত্রছাত্রীকে ভর্তি করাতে পারবে, পড়াতে পারবে এবং তাদের কোর্স শেষ হওয়ার পর সার্টিফিকেট দিতে পারবে। তারা হবে স্বশাসিত বিশ্ববিদ্যালয়।’

শিগগিরই এ প্রস্তাবের চুড়ান্ত খসড়া প্রস্তুত করে পার্লামেন্টে পাঠাবে ইউজিসি। এই প্রস্তাবটি পাস হলে ভারতের পাশপাশি ব্যাপকভাবে উপকৃত হবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশ।

ওই কর্মকর্তা আরও বলেন, শিগগিরই এ প্রস্তাবের চুড়ান্ত খসড়া প্রস্তুত করে পার্লামেন্টে পাঠাবে ইউজিসি। এই প্রস্তাবটি পাস হলে ভারতের পাশপাশি ব্যাপকভাবে উপকৃত হবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশ।

বিশ্বের প্রধান বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য ভারত ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে যান। ইউজিসির প্রস্তাব পাস হলে সেই সুযোগ তারা ভারতেই পেয়ে যাবেন।