

রাকিব রিফাত, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বুধবার (২ জুলাই) বেলা ১২টায় তিনি এ পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. কে.এম মতিনূর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, কেন্দ্রীয় লাইব্রেরিয়ান খন্দকার আব্দুল মজিদ, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুলসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা। এছাড়াও ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি “ইসলামিক কর্নার” নির্মাণ করা হবে। এতে সংস্থাটির প্রকাশিত বিভিন্ন ইসলামিক প্রকাশনা প্রদর্শন করা হবে।
পরিদর্শনকালে মহাপরিচালক আ. ছালাম খান বলেন, আজকের পরিদর্শনের উদ্দেশ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামি ফাউন্ডেশনের প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শিত হবে। এসব বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও কেউ যদি নতুন বই প্রকাশ করতে চান, এবং সেটা প্রকাশযোগ্য মনে হলে, ইসলামি ফাউন্ডেশন নিজ অর্থায়নে সেটি প্রকাশ করবে।
ইবি ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইতিপূর্বে আমি ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামি ফাউন্ডেশন পূর্ব থেকেই একসাথে অনেক কাজ করেছে। আজকের এই পরিদর্শন মূলত একটি ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠার অংশ। ইসলামি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত এই লাইব্রেরিতে বিভিন্ন ইসলামিক বই প্রদর্শিত হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করতে পারে।
এদিকে ইবিতে ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আব্দুস ছালাম খানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। বুধবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি ড. এম. এয়াকুব আলী, সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আঃ ছালাম খান। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।