রাকিব রিফাত, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (০২ জুলাই) বিকেলে উপাচার্যের ব্যক্তিগত ফান্ড থেকে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া প্রো-ভিসি ড. এম এয়াকুব আলী, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির, তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রাব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আহত হওয়া ইবি শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। পরে আহত হওয়া শিক্ষার্থীরা যথাযথ নথিপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে মোট ১১ শিক্ষার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হন। পরে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মিজানুর রহমান, আহাদ আলী, মোঃ ফাইন কাজী, মোঃ তৌফিক আলী, মোঃ হৃদয় হোসেন, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ জাকির হোসেন, আজহারুল ইসলাম, সুলতান মাহমুদ, সোহেল রানা ও কুতুব উদ্দীন।

এসময় সহায়তা পাওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও বহু জুলাই যোদ্ধারা সারাদেশে হাসপাতালে কাতরাচ্ছে। সরকারের কাছে সবিনয়ে অনুরোধ, যাতে সকলের নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করা হয়৷

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই স্পৃহা আমাদের আদর্শ। এটিকে ধারণ করে সকলকে নতুন বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের ত্যাগের কাছে এই সামান্য অর্থ কিছুই না। আমরা এই আন্দোলনে আহত-নিহতদের ঋণ কখনোই ভুলবো না৷ এসময় তিনি, এই আন্দোলনে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।