রাকিব রিফাত, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুতে শোক জানিয়েছে ইউট্যাব ইবি শাখা। শুক্রবার (১৮ জুলাই) ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা গেছে।

শোকবার্তায় বলেন , গত ১৭ জুলাই আনুমানিক বিকেল ৫:৩০ ঘটিকায় ইবির শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইবি ইউট্যাব।

যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে প্রয়াত সাজিদ আব্দুল্লাহ’র শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই। নেতৃদ্বয়, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু  তদন্ত, বিশ্ববিদ্যালয়ের  প্রত্যেকটা স্তরে সিসি ক্যামেরা স্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।