

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং শাখা ছাত্রদল শহিদ রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আবু জাফর খান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুস সামাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী ও নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, ৭ নভেম্বর সিপাহি–জনতার ঐক্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন। আজও ষড়যন্ত্র চলছে—আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কোনো পিআর নয়, জনগণের ভোটেই গণভোট হবে।
অন্যদিকে, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান খান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে অনলাইনে আরও সক্রিয় হতে হবে। প্রতিপক্ষের প্রচারণার জবাব দিতে হবে যুক্তি ও তথ্য দিয়ে। জিয়াউর রহমানের গণভোট ছিল জনগণের ম্যান্ডেটের প্রতিফলন, বর্তমান সরকারের গণভোট রাজনৈতিক কৌশলমাত্র।
ইউট্যাব সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেন বলেন, ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। শহিদ জিয়া জাতীয় উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন, তাঁর আদর্শ আজও বেঁচে আছে।
দোয়া মাহফিল শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৭ নভেম্বরের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।