রাকিব রিফাত, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ছাত্র শিক্ষক সংহতি’ দিবস ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এটি শুরু হয়। এসময় জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, গ্রীণ ফোরামের প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এ. কে.এম. মতিনুর রহমান, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের পক্ষে মোঃ আমিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও অনুষ্ঠানে জুুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া-ঝিনাইদহের শহীদ পরিবারের সদস্য এবং ইবির গ্রেফতার বরণকারী শিক্ষার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের উপহার এবং গ্রেফতার বরণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, রক্তের বিনিময়ে সবসময় পরিবর্তন সাধিত হয়। আর এই রক্ত দিতে হলে জাতিকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত হতে হয়। ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট রেজিম উৎপাটিত করা যেত না। এজন্য যে কোনো অন্যায়কে সমূলে উৎপাটনের জন্য ঐক্যের প্রয়োজন। আমাদের জাতি যে-দেশ পেয়েছে সেই দেশ আর পেছনে ফিরে যাবে না। সেই দেশ আর ফ্যাসিস্ট হবে না, বৈষম্যমূলক হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদেরকে নিবেদিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সকল দলকে তিনি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, তা না-হলে শহীদের রক্তের ঋণ পরিশোধ হবে না।

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, যে মুক্তি আমরা পেয়েছি তা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদেরকেও ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশগ্রহণ করতে হবে। ভাইস চ্যান্সেলর বলেন, শহীদ পরিবারদের যেন আমরা ভুলে না যাই। তিনি শহীদ পরিবারদের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই স্পিরিট যেন ভুলে না যাই।