জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিন ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব। শুক্রবার (১২ ডিসেম্বর) ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. রশিদুজ্জামান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের হামলা কোনোভাবেই নির্বাচনী পরিবেশের অনুকূল হতে পারে না; বরং এটি নির্বাচন বানচালের উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে, যা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। মধ্যদিবসে প্রকাশ্যে এমন হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার পরিস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করে, যা নাগরিক নিরাপত্তার প্রতি অবমাননা।

নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জুলাই যোদ্ধাসহ গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আক্রান্ত শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসা ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি করেন তারা।