
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ২০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে অপহরণের পর হত্যা করা হয় ৯ বছরের শিশু রাজ মামুনকে। হত্যার সাথে জড়িত ফরিদুলকে ঢাকার সাভার থেকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় রাজ মামুনের মরদেহ। বুধবার (৮ ডিসেম্বর) বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
গ্রেফতারকৃত ব্যক্তি, রংপুর জেলার পীরগাছা থানার চর রহমত গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মোঃ ফরিদুল (২৮)। জানা গেছে, গত ৭ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার বেড়া পাচবাড়িয়া গ্রামের সুলতান শেখ থানায় অভিযোগ করেন যে, তার ছেলে রাজ মামুন গত ৫ ডিসেম্বর মাগরিবের নামায আদায়ের জন্য বাড়ির পাশে জামে মসজিদে যায়।
মাগরিব নামায শেষে বাড়ি না আসায় উক্ত মসজিদেই এশার নামায শেষে বাড়ি ফেরার পথে রাত অনুমান ৮টার দিকে সারিয়াকান্দি থানার জামথল রাজার মোড়ে পাঁকা রাস্তা থেকে অজ্ঞাতনামা আসামিরা ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে অপহরণ করে। অজ্ঞাত স্থানে আটকে রেখে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। ছেলেকে মুক্তির জন্য বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। মামলা সূত্র ধরে সারিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের দল অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই বগুড়ার ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ও সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এর যৌথ অভিযানে পুলিশের একটি দল ঢাকা জেলার সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পর মুক্তিপণ দাবিকারী ফরিদুলকে গ্রেফতার করে। পরে তাকে বগুড়ায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে মঙ্গলবার দিবাগত রাত ২টার পরে সারিয়াকান্দি থানার বেড়া পাঁচবাড়িয়া গ্রামের চর এলাকায় ধানক্ষেত থেকে রাজ মামুনের মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।