
রাজশাহী মহানগরীতে বহুতল ভবন নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের পাওনা টাকা দাবি করায় মালিককে প্রাণনাশের হুমকি ও ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত হোটেল ‘হক’স ইন’-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।
শুক্রবার (১৫ মে) বেলা ৪টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অমি জানান, মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় তাঁর বাবার মালিকানাধীন ‘হোটেল হক’স ইন’-এর পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ করায় হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে গত বছরের ২৬ জুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর অভিযোগ করলে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ভবন কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লাখ ৮৩ হাজার টাকা দিতে দীর্ঘ সময় ধরে গড়িমসি করছে। গত ১৩ মে নির্মাণকাজ পুনরায় শুরু হলে অমি পাওনা টাকা দাবি করেন।
অমি অভিযোগ করেন, টাকা চাওয়ার জেরে অভিযুক্ত তুহিন (৪৫) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪৪) তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অমি আক্ষেপ করে বলেন, “আমি একজন ব্যবসায়ী। ন্যায্য পাওনা টাকা চাওয়ায় আমাকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে। প্রথমে তুহিন সাহেব দাবি করলেন আমি চাঁদা চেয়েছি, এরপর আমাকে হেয় করতে ‘অপহরণের নাটক’ সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’-এর কর্মকর্তা তুহিন বলেন, অমি আরডিএতে অভিযোগ দিয়ে কাজ বন্ধ রেখেছিলেন, তাই তাঁকে টাকা দেওয়া হয়েছে। তবে কেন আগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে প্রতিষ্ঠানের আরেক অংশীদার আব্দুল সালাম তুহিন স্বীকার করেন যে, ২৬ লাখ ৩৩ হাজার টাকা দেওয়ার একটি চুক্তি হয়েছিল এবং অবশিষ্ট টাকা নিয়ে বর্তমানে ঝামেলা চলছে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে এবং বকেয়া টাকা উদ্ধারের দাবিতে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অমি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে অমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।