রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দিক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মূলহোতা মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

এর আগে বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জান্নাতুল এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। ঘটনার পর পুলিশ জানায়, ওই আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল।

এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পুলিশ বলছে, জান্নাতুলের সঙ্গে রেজার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন।