প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: অভিনব কৌশলেও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর। পাকস্থলীর ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করেও ধরা পড়েছে সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, গত ৬ অক্টোবর রাত ৭টা ৩০ মিনিটে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে সুধারাম মডেল থানা পুলিশ নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে বিশেষ অভিযান চালায়। এসময় কৌশলী মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারি এলাকা থেকে বিশেষ কৌশলে নিজের পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীতে আসে। সন্দেহ হলে তাকে নোয়াখালী মর্ডান হাসপাতালে এক্স-রে করানো হয়। সেখানে তার পাকস্থলীর ভেতর ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব মেলে।

পরে চিকিৎসকদের সহায়তায় তাকে মলত্যাগ করানো হলে পাকস্থলী থেকে ৬৪টি ডিম্বাকার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল, মোট ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মতিউরের বিরুদ্ধে পূর্বেও চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। সে মূলত ময়মনসিংহ জেলার বাসিন্দা, বর্তমানে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় বসবাস করছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।