অবৈধ’ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বেঁধে দেওয়া সেই সময় শেষ হয়েছে গত রোববার (২৯ মে)। স্বাস্থ্য অধিদপ্তরের সেই নির্দেশনা উপেক্ষিত হয়েছিল দিনাজপুরের খানসামা উপজেলায়। এখানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কোনরকম পদক্ষেপ তখনও নেয়নি উপজেলা প্রশাসন।

সেই সুত্রে ৩০ মে সোমবার বেশ কিছু অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকায় “অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে পদক্ষেপ বিহীন খানসামা উপজেলা” শিরোনামে একটি খবর প্রকাশিত হওয়ার পরেই সেটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় অবশেষে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলার পাকেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পদক্ষেপ নিয়ে খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে পাকেরহাটে অবস্থিত মমতাজ ক্লিনিক সাময়িক বন্ধ এবং চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা.রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার মোস্তাসিম তাহমিদ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও থানা পুলিশ সদস্যগণ।

জানা যায় , পাকেরহাট মমতাজ ক্লিনিক অনিবন্ধিত ও অব্যবস্থাপনা ও ভুয়া সনদে পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা, সেফ ওরাল ডেন্টাল কেয়ারে লাইসেন্স নবায়ন ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় ২ হাজার টাকা জরিমানা, মা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধনের কাগজপত্রে ত্রুটি ও টেকনোলজিস্ট এর কাগজ দেখাতে না পারায় ৪ হাজার টাকা জরিমানা এবং লাইফ কেয়ার ক্লিনিকের এর কাগজপত্রে ত্রুটি এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, যে, যে সমস্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়া গেছে এর মধ্যে মমতাজ ক্লিনিক অনির্দিষ্টিকালের জন্য বন্ধসহ জরিমানা ও ক্লিনিক ও ডায়াগনস্টিকদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই সাথে তাদের রেজিষ্ট্রেশন নবায়ন ও অন্যান্য কাগজপত্রের ত্রুটি থাকায় তা নবায়ন করার জন্য একমাসের সময় দেয়া হয়েছে। সময়ের মধ্যে নবায়ন না করলে এগুলো বন্ধ করে দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল বলেন, এ অভিযান অব্যাহত আছে। আমরা যে কোন সময় এ অভিযান পরিচালনা করবো।