রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযান চলাকালে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে একটি ড্রাম ট্রাকের চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানকালে সংশ্লিষ্ট চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।