কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত (৫৪) আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ শহরের খ্রিস্টানপাড়া এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে জানাজা শেষে তাঁকে গোপালগঞ্জ পৌর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
প্রয়াত সাংবাদিক সারমাত ছিলেন গোপালগঞ্জ জজকোর্টের প্রয়াত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকেন্দার আলী সরদারের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃষ্টি উপেক্ষা করে তাঁর জানাজায় অংশ নেন গোপালগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করে আসা মাহবুব হোসেন সারমাত ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।