নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের একই পরিবারের চারজনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল ৩ টায় তাঁদের নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।নিহত চারজন হলেন মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া ও সুনাইনা ইহানা।

গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়।

একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে মোহনপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনদের হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।

নিহতদের পরিবারের পক্ষ থেকে তাঁদের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন বলে প্রর্থনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক।