মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল আদালত থেকে বের হওয়ার পর রাস্তা থেকে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্বীকার করার পর আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিরোধী দলের নেতাদের এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে অস্বীকার এবং পরবর্তীতে আদালতে সোপর্দের ঘটনা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে গিয়ে গুম করাটা অবৈধ আওয়ামী সরকারি নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।’ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘মধ্যরাতের নির্বাচনের পরও অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সবসময় অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। তাই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখার জন্য গুম, ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সরকারের সমালোচকরাই আজ সবচেয়ে বেশি গুম ও গায়েবি মামলায় গ্রেফতারের শিকার হচ্ছেন। বাসাবাড়িতে হানা, বাড়ির সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন—নিপীড়নের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। আওয়ামী দুঃশাসনে ভয় ও নৈরাজ্য এখন এদেশের সর্বত্র পরিব্যাপ্ত।
এই নেতা বলেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ একজন বলিষ্ঠ নেতা। হবিগঞ্জে তার সংগ্রামী ভূমিকার কারণেই তাকে গতকাল তুলে নিয়ে গিয়ে আজকে গ্রেফতার দেখানো হয়েছে। অনেক দিন থেকেই সরকার তাকে টার্গেট করেছে। তিনি এখন সরকারি হিংস্রতার শিকার হলেন। তাকে গ্রেফতারের ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে বিরোধী দলশূন্য করে নব্য বাকশালী শাসনকে পাকাপোক্ত করতেই বদ্ধপরিকর।
ফখরুল বলেন, জুলুম—নির্যাতন—হামলা—মামলার বিরাজমান পরিস্থিতিতেও দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন থেকে পিছপা হবে না। সব দুর্যোগ—দুর্বিপাক মোকাবিলা করেই জনগণ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবির আন্দোলন বিজয় লাভ করবেই।
বিএনপির মহাসচিব বলেন, আমি জিকে গউছের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।