আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আমরা নৈরাজ্য চাই না, বিশৃঙ্খলা চাই না। কিন্তু আন্দোলনের নামে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করা হলে আমরা ঘরে বসে থাকবে না।

জনগণের সম্পদ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় জনগণকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে।


আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য নির্বাচন নয়, আন্দোলনের নামে দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। বিএনপি মহাসচিবের মুখে পাকিস্তান প্রীতি তারই বহিঃপ্রকাশ।

আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ফাইনাল খেলতে চান, সেটা তো বহুদূরে। কিন্তু ফাইনালের আগে যে লিগ খেলা হয়, সেই লিগ খেলতেই তো তাদের পা ভেঙে যাবে। এটা কি তারা বুঝতে পারেন না?

১৪ দলের মুখপাত্র বলেন, গণতান্ত্রিক পন্থায় আমরা রাজপথে আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকব। প্রয়োজনে যখন যেভাবে দরকার। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বারবার তাদেরকে (বিএনপি) কাজ করার সুযোগ দেওয়ার কথা বলে যাচ্ছেন। বারবার তিনি বলছেন, কেউ বাধা দেবেন না। তাদের আন্দোলন করতে দেন। কিন্তু তারা তো বাধা চান। তারা পুলিশের গায়ে পেট্রোল মারেন, ইট মারেন।

যাতে পুলিশ তাদের ওপর হামলা করে। যাতে তারা বলতে পারেন পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর বলেন বলেন, আজকে তাদের আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি মূল লক্ষ্য, নির্বাচন নয়।

এ দেশে একটি অস্বস্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ফের কোনোরকম ক্ষমতার অদল-বদল করা যায় কি না, তারা সেই হিসাব-নিকাশ কষছেন। কিন্তু সেই হিসাবে অনেক গরমিল। অনেক পানি গড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের অনেক পরিবর্তন হয়েছে। মানুষ তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে।

আমির হোসেন আমু বলেন, তাদের কেউ বলেন তত্ত্বাবধায়ক সরকার, কেউ বলেন নির্বাচনকালীন সরকার। আবার কেউ বলে বেড়ান জাতীয় সরকার। যার যা খুশি একটা বলে দেন। একটা সময় হয়তো বলবেন, আমাদের সরকার ছাড়া নির্বাচন করব না। তাদের সরকার যদি হয়, তাহলে তারা নির্বাচন করবেন। আর তাদের সরকারের সময় নির্বাচনের ফল আমরা জানি। তাদের আমল থেকেই নির্বাচনে কারচুপি, ভোটের হাইজ্যাক সবকিছুর শুরু।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় অলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।