যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়নপত্র হাতে তুলে দেওয়া হয়। মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যিনি গত দেড় মাস ধরে এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পরিবর্তনের খবরের পর শ্রাবণের সমর্থকদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেলেও আবুল হোসেন আজাদের অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অন্যদিকে, শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, আবুল হোসেন আজাদ দীর্ঘদিন ধরে কেশবপুরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা এলাকায় আলোচিত।

উল্লেখ্য, ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন না পাওয়া সত্ত্বেও আবুল হোসেন আজাদ চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তিনিই যশোর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।