বিএনপির সমাবেশস্থলের কাছে পালটাপালটি ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
বিএনপির সমাবেশস্থলের কাছে পালটাপালটি ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশস্থলের কাছে দলটির নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩টার দিকে মুগদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেই গোলাপবাগ মাঠে সমাবেশস্থলের চারপাশের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সড়কে এবং এলাকার বিভিন্ন অলিগলিতে রয়েছেন। বিকাল ৩টার দিকে মুগদা হাসপাতালের সামনে হঠাৎ দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কে বা কারা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, মুগদা হাসপাতাল এলাকায় পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটার খবর পেয়েছি। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মোটরসাইকেলে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।