
রাজশাহী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, “জনগণ ও আল্লাহ যদি চান আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমার সম্পদ বাড়বে না বরং কমে যাবে। জামায়াতে ইসলামী থেকে যারা আগে দায়িত্বশীল পদে নির্বাচিত হয়েছেন, তাদের সম্পদ কখনো বাড়েনি।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর পশ্চিম বুধপাড়া, কড়ইতলা মোড়, মেহেরচন্ডী এবং হাজীর মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রস্তুতিও পরিদর্শন করেন।
রাজশাহীর অর্থনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাব রয়েছে। ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং প্রতিবছর বিপুল পরিমাণ পচনশীল ফসল নষ্ট হচ্ছে। তিনি নির্বাচিত হলে রাজশাহীতে আধুনিক এগ্রোবেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
শিক্ষানগরী রাজশাহীর বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, “রাজশাহী এখন বেকার নগরীতে পরিণত হয়েছে। এই সংকট উত্তরণে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করা হবে। দেশে শতাধিক ইপিজেড থাকলেও রাজশাহীতে একটিও নেই, যা অত্যন্ত দুঃখজনক।”
হাইটেক পার্কের অব্যবহৃত জমি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই চিকিৎসক নেতা বলেন, “হাইটেক পার্কের প্রায় ৮০ শতাংশ জায়গা এখনো খালি পড়ে আছে। একে কার্যকর করে আইটি ও ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।” এছাড়া বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর জোর দেন তিনি।
রাজশাহীর স্বাস্থ্যসেবা নিয়ে ডা. জাহাঙ্গীর বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন:
সদর হাসপাতাল: ঈদগাহ মাঠসংলগ্ন রামেক হাসপাতালের জমিতে নতুন একটি সদর হাসপাতাল স্থাপন।
শিশু হাসপাতাল: জনবল সংকটে বন্ধ থাকা শিশু হাসপাতালটি দ্রুত চালু করা। প্রয়োজনে জামায়াতের চিকিৎসকদের বিনা পারিশ্রমিকে সেবাদানের নিশ্চয়তা।
মেডিকেল বিশ্ববিদ্যালয়: নির্মাণাধীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করা।
চিকিৎসা ব্যয়: বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা।
গণসংযোগকালে তিনি আরও জানান, নির্বাচিত হলে রাজশাহী অঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দকৃত বাজেট বর্তমানের তুলনায় ৬ থেকে ৮ গুণ পর্যন্ত বৃদ্ধি করার উদ্যোগ নেবেন।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।