রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রমজান মাস কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। রোজা মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও সহমর্মিতা তৈরি করে। ব্যক্তি ও সমাজ জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।

​দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। রমজানে মানুষের কষ্ট লাঘবে প্রশাসন ও ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ড ও মজুদদারি পরিহার করা সবার নৈতিক দায়িত্ব।”

​মুন্ডুমালা পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য মো. জালাল উদ্দিন ও তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন।

এ ছাড়া এনসিপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মো. আতিকুর রহমানসহ স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

​বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও নৈতিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতেই এই আয়োজন।