বাংলাদেশের তরুণ প্রজন্ম ও মায়েরা এখন আগের চেয়ে বেশি ইসলামমুখী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “দেশের যুবসমাজ ও মায়েরা ইসলামকে দারুণভাবে ধারণ করছে। সাম্প্রতিক তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখা গেছে—মেয়েরা ও তরুণরা ছাত্রশিবিরের ওপর আস্থা রাখছে। এর প্রতিফলন আগামী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় দেখা যাবে।”

মায়েদের প্রতি অসম্মান ও নারীর ভূমিকা নিয়ে তিনি বলেন, “৯১ ভাগ মুসলমানের এই দেশে আমাদের মায়েরা ঘরে-বাইরে কোথাও সম্মান পান না। জামায়াতে ইসলামী কুরআন ও রাসুল (সা.)-এর শিক্ষা অনুযায়ী নারীদের প্রকৃত মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চায়। রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীরও দায়িত্ব রয়েছে—যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী।”

নাগরিক অধিকারের প্রশ্নে জামায়াত আমির বলেন, “আমরা কারও ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয় দিয়ে বিচার করব না। পাহাড়ে থাকুক বা সমতলে—এই দেশের প্রতিটি মানুষ আমাদের নাগরিক, তাই তাদের সম্মান রক্ষা আমাদের দায়িত্ব।”

দেশে সুশাসন ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুর্নীতিগ্রস্তদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে—সে আমাদের দলের না-ও হতে পারেন, এমনকি অন্য ধর্মেরও হতে পারেন।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাই, যেখানে সততা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে—বিভাজন ও বিদ্বেষ নয়।”